পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত সাপ্তাহিক ও ঈদের ছুটির দিনগুলোতে কাস্টম হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেবল ঈদের দিন সব ধরনের শুল্ক স্টেশন বন্ধ থাকবে।
এনবিআরের নির্দেশনা
সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই নির্দেশনা বাস্তবায়ন করতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি ও কমলাপুর কাস্টম হাউসের কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।
ব্যবসায়ীদের জন্য সুবিধা
সাধারণত দীর্ঘ ছুটিতে বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে, যার ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
