বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের বোয়িংয়ের একাধিক উড়োজাহাজে একের পর এক কারিগরি ত্রুটি ধরা পড়ার পর মার্কিন প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের সহায়তা চাওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বোয়িং অধ্যুষিত বহরের নিরাপত্তা মান মূল্যায়ন করতে কমপক্ষে এক মাসের জন্য দুজন প্রকৌশলী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুর রহমান জানিয়েছেন, ‘আমরা বোয়িংকে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের সঙ্গে এক মাস কাজ করার জন্য কমপক্ষে দুজন প্রকৌশলী পাঠানোর অনুরোধ জানিয়েছি।’
ড. শফিকুর রহমান বলেন, ‘ইতিমধ্যেই তিনি নয়াদিল্লিতে বোয়িংয়ের দক্ষিণ এশিয়া অফিসের সঙ্গে কথা বলেছেন এবং গুরুতর কারিগরি ত্রুটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিরাপত্তার মান, জবাবদিহি এবং পরিচালনার নির্ভরযোগ্যতা জোরদার করার লক্ষ্যে জাতীয় পতাকাবাহী সংস্থা ইতিমধ্যেই তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট তারিখের মধ্যে সংঘটিত প্রযুক্তিগত সমস্যাগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই একটি চার সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শফিকুর রহমান বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার মানকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘটনার জন্য ব্যাপক তদন্ত এবং কঠোর জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।’
এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধকল্পে কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কিছু সুপারিশসহ ফলাফল জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া জবাবদিহি নিশ্চিত করার জন্য কর্মী ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। বদলি করা হয়েছে দুজন কর্মকর্তাকে। সেইসঙ্গে, একজন প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চট্টগ্রামে আরো একজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি এবং শারজাহসহ গুরুত্বপূর্ণ বহির্গামী স্টেশনগুলোতে অতিরিক্ত বিমানের চাকা মজুদের ব্যবস্থা করেছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যায়। অতিরিক্ত চাকার জন্য ইতিমধ্যেই ক্রয়াদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করার জন্য ১৮ আগস্ট থেকে একটি বিশেষ রাত্রিকালীন রক্ষণাবেক্ষণ শিফট চালু করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
