বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ফিমেল’ লেখা এসেছে। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ডগুলো ইতিমধ্যে কলেজগুলোতে বিতরণ করা হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগে রেজিস্ট্রেশনে ভুল জেন্ডার আসায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে আগামী জুন মাসে। এবার বিভাগের ৬টি জেলা থেকে বরিশাল বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। মূলত কলেজে প্রথম বর্ষে ভর্তির ৬ মাস পরে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে থাকে কলেজ কর্তৃপক্ষ। এইচএসসি শুরুর অন্তত একমাস আগে প্রিন্ট দেওয়া হয় রেজিস্ট্রেশন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, ‘কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এ জন্য তাকে শোকজ করা হয়েছে। পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে। গত রবিবার থেকে এরই মধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয়।’
বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘শিক্ষার্থীদের হাতে ভুল কার্ড পৌঁছানোয় তারা মানসিকভাবে আঘাত পেয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা আরো গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। নতুন করে কার্ড ছাপাতে অর্থ ব্যয় হবে, আর সেটি কোনোভাবেই কলেজের ওপর চাপানো যাবে না, বোর্ডকেই তা বহন করতে হবে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
