মেহেরুবান হাবিব
লালমনিরহাট প্রতিনিধি:
মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের সরকারি প্রজ্ঞাপন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদে যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। শোক পালনের অংশ হিসেবে সরকারি প্রজ্ঞাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন এবং সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ ধারণের নির্দেশনা দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে জগতবেড় ইউনিয়ন পরিষদে এসব নির্দেশনার কোনোটিই মানা হয়নি। ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি, কালো পতাকা উত্তোলন করা হয়নি এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকেও কালো ব্যাচ ধারণ করতে দেখা যায়নি। এ ঘটনায় এলাকায় বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল বলেন,এটি মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি চরম অবমাননার শামিল। রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জগতবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা হাবিবুর রহমান মন্ডল বলেন, আমি প্রজ্ঞাপন অনুযায়ী শোক পালনের জন্য নির্দেশনা দিয়েছিলাম। তবে তা সঠিকভাবে পালন করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নই।
এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের সচিব মইনুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদে নয়জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যরা দায়িত্ব পালন করেন। তারা কালো ব্যাচ পরেছেন কি না, তা আমি খেয়াল করিনি। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দিতে এড়িয়ে যান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
