তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।’
আজ রবিবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল খাতে যারা কাজ করেন, তাদের ওপর বর্তমানে বড় দায়িত্ব রয়েছে।
চলচ্চিত্রের প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম, যা মানুষকে হাসাতে, কাঁদাতে এবং গভীরভাবে প্রভাবিত করতে পারে।’ এই শক্তিকে মানবতা ও সভ্যতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বিসিটিআইয়ের নির্বাহী পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
