মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। গতকাল বুধবার (১ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে আরও গতিশীলতা এনে এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রমের মাধ্যমে জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং উন্নয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারি নীতিমালা মেনে এবং সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে একটি বিশ্বমানের উন্নয়ন মডেলে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসককে পরিষদের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবাগত প্রশাসক তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ভিশন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৩১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একইদিনে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ এপ্রিল বিকেলে সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
