আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনে সামান্য কমতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
