সকালবেলা প্রতিবেদকঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগে মাস্টার্স প্রোগ্রামে পুনঃভর্তি ও ছাত্রত্ব ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের পক্ষে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার (২৫ জুন) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত চার সপ্তাহের মধ্যে বাবরের পূর্বে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন তাঁর পুনঃভর্তির আবেদন যথাযথভাবে নিষ্পন্ন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ কাজ করেছে বলে ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান মিলন ও অন্যান্যরা।
আবেদনকারী জহির উদ্দিন বাবর ২০১৩—১৪ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তি হয়েছিলেন, তবে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে পারেননি। গত ২৭ ও ২৯ মে পুনঃভর্তির আবেদন করেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিষ্পত্তি করেনি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন ” মেধা তালিকায় ভর্তি হয়েও ছাত্রলীগের নির্যাতন নিপিড়ন এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতায় আমি আমার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারি নাই,হাইকোর্টে রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট শিক্ষা মন্ত্রনালায়, ইউজিসি, উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রারকে ৪ সপ্তাহের মধ্যে আমার স্নাতকোত্তের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তির বিষয়টি নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছেন, আমি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার স্নাতকোত্তর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা জানান, আবেদনটি সঠিক পদ্ধতিতে বিভাগের মাধ্যমে আসেনি এবং তাতে স্বাক্ষর না থাকায় যাচাই—বাছাই চলছে।
আবেদনের সঠিকতা যাচাই করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
