Saturday , 24 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাবির হল থেকে হঠাৎ দেশীয় অস্ত্রের সন্ধান!

জাবির হল থেকে হঠাৎ দেশীয় অস্ত্রের সন্ধান!

সকালবেলা প্রতিবেদকঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম—বরকত হলে টয়লেটের ফলস্ সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান।

জানা যায়, হলের এ—ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, “দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার কর্তব্যরত সুইপিং কাজ শুরু করি। হলের এ—ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি—ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।”

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও নিরাপত্তা কর্মকর্তা এর পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল বলেন, ‘এটি একটি দেশীয় পুরাতন কাঠের বাটযুক্ত পাইপগান। এর দৈর্ঘ্য বাটসহ ২৩ ইঞ্চি।

এ বিষয়ে শহীদ সালাম—বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘এ বিষয়ে সকালে জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করি। প্রক্টর অফিস থেকে নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।

সালাম—বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম গণমাধ্যমকর্মীদের জানান, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

About Syed Enamul Huq

Leave a Reply