জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নতুন কর্মসূচি অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করা হবে এবং ওই দিন বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার সংস্কারকে ধামাচাপা দিয়ে শুধু সংবিধানের সংশোধনী আনতে চায়।
বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। আমাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’ তিনি আরো জানান, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
