সকালবেলা প্রতিবেদকঃ
নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা হাতে তুলে নিয়েছে লাল কার্ড। গত মঙ্গলবার বিকেলে উপজেলার আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।” তিনি আরও বলেন, “সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিতে হবে, নিয়মিত পড়ালেখার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ নেয় যে, তারা কখনো মাদক গ্রহণ করবে না, বাল্যবিবাহকে সমর্থন করবে না এবং সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
