ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের সূত্রের বরাত দিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেখানে দাবি করা হয়, সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান মনে করেন, “নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক দলগুলো এক ধরনের বিবাদে জড়িয়ে পড়েছিল তখন সেনাপ্রধানের এই বক্তব্য একটা বার্তা দেয়।” ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ‘‘আমি মনে করি, অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনী অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের যে ক্ষমতা দখলের কোনো মোহ নেই সেটা তারা পরিস্কার করে বুঝিয়ে দিয়েছেন। গত কয়েকদিন ধরে ক্যান্টনমেন্টে কী হচ্ছে তা নিয়ে কিন্তু নানা মহলে আলোচনা হচ্ছিল। সেই জায়গায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত ইতিবাচক। সেভাবেই বিষয়টি দেখতে হবে।”
ডিসেম্বরে ভোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এনসিপি তো নির্বাচনের বিরুদ্ধে নয়। তবে আমরা পরিস্কার করে বলেছি, বিচার, সংস্কার ও গণভোটের পরই জাতীয় নির্বাচন হওয়া উচিত। মানুষ তো শুধু একটা নির্বাচনের জন্য জীবন দেননি। আমরা বলেছি, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সরকার সংস্কার কমিশন গঠনের আগেই শেখ হাসিনার করা আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে এই কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। আর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, সেটা দেখার জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।”
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়—এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে।’
সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে তিনি লিখেছেন, ‘আমাদের সাব-কনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিসের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। আমরা এখনো ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার।দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে, আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে ২০২৪-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক সালিসের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান-ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কি না—তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
