আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মনোবল হারাবেন না। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় প্রস্তুত।’
নানক বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।
বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ওপর নিষ্ঠুর অত্যাচার চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনোবল হারাবেন না। যেখানে আছেন, সেখান থেকেই একে অপরের খোঁজখবর রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্টের মাঝেও হিমালয় সমান দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। এই অন্ধকার শিগগিরই কেটে যাবে, ইনশাআল্লাহ।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, ‘গত ১ জুলাই থেকে এ পর্যন্ত যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে এবং যারা আমাদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে, তাদের তালিকা তৈরি করে নিজেদের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে (+৮৮০১৭৮৮৮০৯৯৯৬) পাঠিয়ে দিন। আসুন, আমরা একত্রে জনমত গড়ে তুলি।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
