ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দেশের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিকদী কালিবাড়ী, মাটিকাটা, ইসিবি চত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যে লড়াইয়ের মধ্যে আছি, সে লড়াইটা কী? নির্বাচন করছি বটে, তবে আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা বহুসংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। তাদের নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে এবং নৌকাকে বিজয়ী করার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
