অনলাইন ডেস্ক
জাপানের নাগোয়া শহরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইসলামিক মিশন জাপানের নাগোয়া শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে, ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে গণভোট ব্যর্থ হয়েছে।
জামায়াত আমির বলেন, ‘শুধু জাপান নয়, বিশ্বের সব বন্ধুরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ অব্যাহত রাখব। বাংলাদেশ একদিন একটি পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, যেদিন দেশে কোনো গুম-খুন থাকবে না, থাকবে না দারিদ্র্য কিংবা দুর্নীতি।
দেশে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটে পণ্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জাতির এই দুর্ভোগ কমাতে সরকারকে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।’
শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহর দ্বীন মেনে চলা অপরিহার্য। একটি সমাজে যত দিন আল্লাহর ভয় প্রতিষ্ঠিত না হবে, তত দিন দেশের গুম, খুন ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না।’
তিনি সবাইকে দেশের জন্য দোয়া করতে বলেন এবং বিরোধী দলের যেকোনো ভুল নির্দ্বিধায় ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার জন্য বিরোধী দল হিসেবে যা যা করা দরকার, তার সব কিছুই তিনি করবেন বলে আশ্বস্ত করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, ‘৭০ শতাংশ জনগণ গণভোটের যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতেই হবে। প্রয়োজনে জান দেবেন, কিন্তু শহীদ ওসমান হাদিসহ হাজারো শহীদের জুলাইকে বৃথা যেতে দেবেন না। গণভোটের একটি দাঁড়ি-কমাও ছাড় দেওয়া হবে না। ক্ষমতাসীনরা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে, তাহলে তাদেরও রাজপথে মোকাবেলা করা হবে।’ তিনি ঘোষণা করেন, হয় জন্মভূমি, নয়তো মৃত্যু। জুলাইয়ের মতো আবারও সব প্রবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জাপানের নাগোয়া শহরসহ বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীসহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। নাগরিক সংবর্ধনার পাশাপাশি ইসলামিক মিশন জাপানের উদ্যোগে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়- যেখানে সব শ্রেণি-পেশার প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া উপস্থিত শিশুদের জন্য ছিল ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
