Monday , 18 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতে পাচারের সময় ৭৬ লাখ স্বর্ণের বারসহ আটক

ভারতে পাচারের সময় ৭৬ লাখ স্বর্ণের বারসহ আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৭৬ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ভোমরা সীমান্তের আলিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারীর নাম নাসরিন নাহার। তিনি সদর উপজেলার ভোমরা টাওয়ার রোড মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী। তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি।

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ভোমরা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে। এরপর বাকাল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে একটি দল আলিপুর এলাকায় তল্লাশি অভিযান চালায়।

এ সময় নাসরিন নাহারকে সন্দেহজনকভাবে আটক করা হয় এবং পরবর্তীতে তার দেহ তল্লাশি করে স্বর্ণসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে (ট্রেজারি অফিসে) জমা দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এই ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply