Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়তে পারে উত্তরবঙ্গগামী ট্রেন–রেলমন্ত্রী
--সংসদে রেলমন্ত্রী

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়তে পারে উত্তরবঙ্গগামী ট্রেন–রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক:

চলতি বছর ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আনা হবে। এগুলো ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

রবিউল আলম বলেন, ‘নতুন কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্ত নগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।’

বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে দেশে তিন হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজের পরিমাণ এক হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজের পরিমাণ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।

এ ছাড়া বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবতার নিরিখে ব্রডগেজ এবং ডুয়ালগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।

বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চালু আছে জানিয়ে তিনি বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে।

About Syed Enamul Huq

Leave a Reply