মেহেরুবান হাবিব
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে, নওশাদ আলী (পিতা: ফজর আলী, গ্রাম: ভান্ডাদহ, পাটগ্রাম) কে ৪,০০০ টাকা, আঃ রশিদ (পিতা: মজিবর রহমান, গ্রাম: রসুলগঞ্জ, পাটগ্রাম) কে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই আইনের ৩৮ ধারা অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মোঃ সাজু (পিতা: আবুল কাশেম, গ্রাম: ধবলসতী, পাটগ্রাম) কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এবং ৪০ ধারা লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে মোঃ পাভেল (পিতা: খয়বর, গ্রাম: রসুলগঞ্জ, পাটগ্রাম) কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে পাটগ্রাম থানার এসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে ইউএনও তানভীর হোসেন জানান, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
