Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভোলার চার আসনে বিএনপির নিরঙ্কুশ জয়
--সংগৃহীত ছবি

ভোলার চার আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হারিয়ে ভোলার চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বেসরকারি ফলাফলে এদেরকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৭৫ হাজার ৩৭৩ ভোট।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৮১ জন। আসনটিতে ভোট পড়েছে ৫২ দশমিক ৪৩ শতাংশ।ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীরবিক্রম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৯০১ জন। মোট ভোট কাস্ট হয়েছে ৫৬ দশমিক ০৮ শতাংশ।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২০ হাজার ৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৬ হাজার ৯ জন। আসনটিতে ভোট পড়েছে ৬০ দশমিক ৪৮ শতাংশ।

ভোলার চারটি আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮১৯ এবং না এর পক্ষে ভোট পড়েছে ২ লাখ ১ হাজার ৬৬৫টি।

About Syed Enamul Huq

Leave a Reply