মোঃ আজিজুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলায় ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার শমসেরগঞ্জ-দৌলতপুর গ্রামে আয়োজিত এ চক্ষু শিবিরে প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ শিবিরের আয়োজন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিকাল ৩টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাধারণ চোখের চিকিৎসার পাশাপাশি চোখে ছানি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরবর্তীতে হাসপাতালের মাধ্যমে তাদের চোখের অপারেশন সম্পন্ন করা হবে।
বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান আহমদের নেতৃত্বে চিকিৎসা প্রদান করেন ডা. আব্দুল মান্নান, ডা. প্রিয়তা চৌধুরী, ডা. বদরুল ইসলাম ও ডা. মিসেস শিফা বেগম। এছাড়া শিবিরে সহায়তায় ছিলেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সুমন আহমদ ও ক্লিনার সুধীর শব্দকর।
চক্ষু শিবির পরিদর্শন করেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় আলহাজ কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাস্টের অধীনে আমাদের পরিবারের পক্ষ থেকে শিক্ষা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ফ্রি চক্ষু শিবির আমাদের একটি ধারাবাহিক কর্মসূচি। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পাচ্ছেন। চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডুকেশন ট্রাস্টের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও হাফিজ শাহেদ আহমদ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
