ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় রিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ৯ অক্টোবর দুপুরে উপজেলার বাটাজোর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সে বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দুপুরে বাড়ি থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিল রিয়া। কিছু দূর যেতেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভালুকা মডেল থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
