Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে : আনু মুহাম্মদ
--সভাপতির বক্তব্যে সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে : আনু মুহাম্মদ

অনলাইন ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে গেছে। চুক্তির সঙ্গে যারা জড়িত, তাদের নাম প্রকাশ করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

গতকাল (১৩ মার্চ) দুপুরে রাজধানীর বিজয়নগরে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, বর্তমান সরকারপ্রধান নির্বাচনের আগে বলেছিলেন ‘সবার আগে বাংলাদেশ’।

যদি এই স্লোগান সত্যিই বিশ্বাস করা হয়, তাহলে সরকারকে এ বিষয়ে সংসদে আলোচনার উদ্যোগ নিতে হবে। যারা চুক্তিতে সই করেছেন, তাদের নাম উন্মোচন করে জবাবদিহির আওতায় আনতে হবে।গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক ড. গোলাম রসূল। আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মীর্জা।

সেমিনারে আনু মুহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আগ্রহ ছিল বেশি। তারা কেন এমনটি করেছে, তা বোধগম্য নয়। নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি করার কারণও প্রশ্নসাপেক্ষ। তিনি বলেন, তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তিটিও করতে চেয়েছিল।

তবে শ্রমিকদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। সে সময় এ বিষয়ে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস বেশ তৎপর ছিলেন।তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে চুক্তি হয়েছে, তাতে গ্রামীণ অর্থনীতিতে ধস নামতে পারে এবং নতুন করে ভয়াবহ বেকারত্ব তৈরি হতে পারে। বাংলাদেশের জিডিপির তুলনায় কর বাড়ানো জরুরি হলেও এই চুক্তির ফলে কর কমতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।

আনু মুহাম্মদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’।

কিন্তু এখন মনে হচ্ছে সবার আগে যুক্তরাষ্ট্র। আমাদের দাবি, এ বাণিজ্য চুক্তিতে যারা সই করেছে তাদের বিচার করতে হবে।”তিনি বলেন, সংসদে আলোচনা ছাড়া কোনো চুক্তি করা উচিত নয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ভালো বলছেন, কিন্তু সরকারের উচিত এ চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া। অন্যথায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি কেবল বাগাড়ম্বর হয়ে থাকবে।

এ সময় জাতীয় সক্ষমতা বাড়াতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply