স্টাফ রিপোর্টার (রাজশাহী):
রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মেহেদী হাসান(৩০) ও মোঃ অভি (২৪)। মেহেদী হাসান রাজশাহী জেলার বাঘা থানার খাগোড় বাড়িয়ার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকিয়াপাড়া বাসার রোড। অপর আসামি অভি একই থানার শেখেরচক বিহারী বাগানের মোঃ জিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মোঃ রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও অভিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
