পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আজ বুধবার (৬ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
