অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তুলবেন। পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙা অংশে একটি জাদুঘর করার নির্দেশও দেন তিনি। এমনটিই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
আজ মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, পদ্মা সেতু নির্মাণে জড়িত সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙা অংশে একটি জাদুঘর করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করা হবে। পানিপ্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া মূল্যস্ফীতি বাদ দিলে পদ্মা সেতুর মূল খরচ দিয়েই এই সেতু নির্মাণ করা হয়েছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply
You must be logged in to post a comment.