বড়লেখায় অবৈধভাবে সাড়ে ৩ হাজার লিটার তৈল মজুদের দায়ে জরিমানা, দোকান সিলগালা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে সাড়ে ৩ হাজার লিটার তৈল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে। মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বৃহস্পতিবার ১২ মে দুপুরে ডিএনসিআরপি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার এর সমন্বয়ক আশরাফুল ইসলাম।
অভিযানে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আড়তগলিতে মেসার্স সামছু এন্ড ব্রাদার্স এর তেলের একটি গোদামে ৩৫০০ লিটার তেল অবৈধভাবে মজুত রাখা, বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা, পাকা বিক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি দোকানটি সিলগালা করা হয়। এছাড়া বেশি দামে তেল বিক্রির অভিযোগে পৌর সুপার মার্কেট এলাকার ব্যবসায়ী এমরান স্টোরকে ২ হাজার টাকা, শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা এবং মা ট্রেডার্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বাজারের সকল ব্যবসায়ীকে পাকা মেমো তৈরি ও প্রদান এবং বিক্রয় মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেলের সরবরাহ সঠিক থাকা এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য দামে তেল পৌঁছাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *