অনলাইন ডেস্ক:
সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের পর ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা সাদা পতাকা উড়িয়ে দোকান খুলতে শুরু করেছিলেন। এরপরই ঢাকা কলেজের সামনে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে সড়কে নামেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা একাধিক দাবিতে বিক্ষোভ করেন।
আজ বুধবার (২০ এপ্রিল) মার্কেটের প্রতিটি ফটকে টানানো হয় সাদা পতাকা। নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ব্যবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছেন। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে তারা, বিষয়টা সমাধান হচ্ছে। বাকি উত্তেজনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।
এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, দুদিনের সংঘর্ষে দোকান বন্ধ থাকায় নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এর আগে দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার সময় দুটি ফাস্টফুডের দোকানের দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর একদল মার্কেটের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। ব্যবসায়ী নেতার সহিংসতার দায় তৃতীয় পক্ষের ঘাড়ে চাপিয়েছেন সংবাদ সম্মেলেনে।
গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন। দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সংঘর্ষে গুরুতর আহত হওয়া কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল মারা যান। ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply
You must be logged in to post a comment.