অনলাইন ডেস্কঃ
সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে গণমাধ্যমকে আরও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি এবং অপসাংবাদিকতা রোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে নেত্রকোনার কেন্দুয়ায় ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা যাতে স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করছে। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ আরও জোরদার করা হবে। এর অংশ হিসেবে সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও প্রয়োজন। অপসাংবাদিকতা বন্ধে সরকার কাজ করছে।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.