সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বন্যা কবলিত ফেনী জেলার ফুলগাজী উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণের খোঁজ-খবর নেন এবং নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতমিনিময় করেন। এরপর তিনি নৌবাহিনীর বোটযোগে ফেনীর সামগ্রিক বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন।
এ সময় উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌ কন্টিনজেন্টগুলো এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছে। সেই সাথে বন্যা কবলিত এলাকার গবাদিপশু ও অতিপ্রয়োজনীয় সামগ্রীসমূহ নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়াও চট্টগ্রামের মিরসরাই, খুলনার পাইকগাছা, ভোলার রাজাপুর এলাকায় নৌবাহিনীর অন্যান্য কন্টিনজেন্টসমূহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও মানবিক বিপর্যয় রোধে নিভৃতে কাজ করে যাচ্ছে। ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে নৌবাহিনী বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে যা বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকেবিলায় কাজ করবে।
নৌবাহিনী প্রধান বলেন, ‘আকস্মিক বন্যায় ফেনী জেলার বিপর্যস্ত এলাকায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় প্রশাসন, ছাত্র-জনতা, সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করলে খুব শিগগির-ই এ অবস্থা হতে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। পরিস্থিতি বিবিচেনায় যত দিন প্রয়োজন হবে তত দিন নৌবাহিনীর চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’ নৌবাহিনী চিকিৎসা দলের সাথে অনেকেই কাজ করতে আগ্রহ প্রকাশ কারায় তিনি তাদের সাধুবাদ জানান।
এ ব্যাপারে জনসাধারণকে ধৈর্য ধরার ও সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
