অনলাইন ডেস্কঃ
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি এবং ভালো থাকতে পারেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার গঠনের পর কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
