ঝন্টু, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক মো. পাপ্পু সরকার বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় বাণিজ্যিকভাবে দুই ধরনের পেঁপে চাষ করে সফল হয়েছেন।
পতিত জমিতে গড়ে তোলা পাপ্পুর পেঁপে বাগান এখন অনেককেই পেঁপে চাষে আগ্রহী করে তুলেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাপ্পু সরকার একজন স্মার্ট কৃষক, তিনি জানেন কখন কোন ফসল চাষ করতে হবে।
ঢাকা থেকে একটি বেসরকারি মোবাইল কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে পাপ্পু সরকার কৃষি অফিসের পরামর্শে ফল ও সবজির আবাদ শুরু করেন। তিন মাস আগে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা সংগ্রহ করে বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন।
নাজমুল হোসেন নামের এক পথচারী জানান, “আমি এই পথ দিয়ে হাট-বাজারে যাতায়াত করি। আগে এই জায়গায় জঙ্গল ছিল। পাপ্পু সরকার সেই জঙ্গল পরিষ্কার করে এবার পেঁপে চাষ করেছেন। তিনি একজন পরিশ্রমী কৃষক, সবসময় জমিতে সময় দেন।”
এলাকার স্কুলছাত্র রাজু আহমেদ জানান, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুলে যাই। পাপ্পু চাচা সারাদিন পেঁপে গাছের পরিচর্যা করেন। এখন প্রতিটি গাছে পেঁপে ধরেছে, দেখতে খুব ভালো লাগে। ছোট ছোট গাছে এত পেঁপে ঝুলছে দেখে মনটাই ভালো হয়ে যায়।”
কৃষক পাপ্পু সরকার জানান, প্রথম ধাপে তিনি প্রতি গাছ থেকে ৫-৭ কেজি করে পেঁপে সংগ্রহ করেছেন। গাছ লাগাতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা। তার আশা, পেঁপে বিক্রি করে খরচ উঠিয়ে ভালো পরিমাণ লাভ করতে পারবেন। তার এই সাফল্য দেখে অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
তিনি আরও জানান, “আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নানা ধরনের ফসল চাষ করতাম। পড়াশোনা শেষে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করি। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে কৃষিকাজে মনোনিবেশ করি। কৃষি কর্মকর্তার পরামর্শে পেঁপে চাষ শুরু করি। বাড়ির সামনের পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে পরীক্ষামূলকভাবে ২০০টি পেঁপে গাছ রোপণ করি। আল্লাহর রহমতে গাছে ভালো ফল ধরেছে। আমার সফলতা দেখে আশপাশের অনেকেই পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন।”
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, “কৃষি বিভাগের পরামর্শে শুরুতেই তিনি ‘গ্রিন লেডি’ জাতের পেঁপে চারা রোপণ করেছিলেন। বর্ষা মৌসুমে অন্যান্য সবজির ঘাটতি থাকায় পেঁপের চাহিদা বাড়ে। বিষয়টি মাথায় রেখেই পাপ্পু সরকার পেঁপে চাষ করেছেন এবং ইতোমধ্যে বাজারে ভালো দামে বিক্রি করতে পেরেছেন। আমাদের লক্ষ্য, পাপ্পু সরকারের মতো আরও কৃষককে পেঁপে চাষে উৎসাহিত করা।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
