জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয় লাভ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর আরিফুল্লাহ আদিব।
ভিপি পদে নির্বাচিত আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিবের ভোটসংখ্যা ২ হাজার ৩৯২।
আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এক সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সদস্য ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করেন তিনি।
সমন্বয়ক পদ থেকেও পদত্যাগ
জিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সমন্বয়ক ছিলেন। একই সময় কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বও পালন করেন।
গত বছরের ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ সমন্বয়ক ও চার সহসমন্বয়ক পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন জিতু। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে ‘সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিট-বিরুদ্ধ কাজে’ যুক্ত থাকার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।
জয়ের পর যা বলেছেন
জাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয় লাভের পর আব্দুর রশিদ জিতু শিক্ষার্থীদের যেকোনো চাহিদা ও আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেখান থেকে আমি অবশ্যই তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সব সময় কাজ করার চেষ্টা করব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
