আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, টানা ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে।
আজ শুক্রবার (১৯ মে) যাত্রাবাড়ী, কাজলা ব্রিজ মসজিদ সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতে যেভাবে রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করেছেন, সামনের দিনগুলোতেও একইভাবে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।
তিনি আরো বলেন, ১৯৮১ সালের ৩০ মের আগ পর্যন্ত জিয়াউর রহমান যত দিন বেঁচে ছিলেন তত দিন এ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছিলেন। ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থেকে অত্যাচার-নির্যাতন, গুম, খুনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে অগ্নিসন্ত্রাস, খুন, গুম, রাহাজানি বৃদ্ধি পায়। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা থাকে না।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল ইসলাম মনু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
