Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাদ্য অপচয় : আর্থিক, সামাজিক ও ইসলামিক দৃষ্টিকোণ
--প্রতীকী ছবি

খাদ্য অপচয় : আর্থিক, সামাজিক ও ইসলামিক দৃষ্টিকোণ

ইসলাম ডেস্কঃ
মানুষের জীবনে খাদ্য কেবল দেহের শক্তির জোগান নয়, বরং মানব সভ্যতার স্থায়িত্ব, সমাজের সংস্কৃতি ও অর্থনৈতিক স্থিতির মূলভিত্তি। মানুষ সভ্যতার যাত্রাপথে যতই অগ্রসর হয়েছে, খাদ্যের গুরুত্ব ততই বহুমাত্রিক হয়েছে। খাদ্য আজ শুধু পুষ্টির বিষয় নয়; এটি সামাজিক মর্যাদা, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব এবং নৈতিক দায়িত্বের প্রতীকও বটে। খাদ্যের মাধ্যমে মানুষের শ্রম, সৃজনশীলতা ও অস্তিত্ব টিকে থাকে।
তাই খাদ্যের অভাব বা অপচয় কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, এটি জাতীয় নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক ভারসাম্য এবং পরিবেশের ওপর গভীর প্রভাব বিস্তার করে।আজকের পৃথিবী এক গভীর বৈপরীত্যের মুখোমুখি। একদিকে বিশ্বের কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটায়, অন্যদিকে বিপুল পরিমাণ খাদ্য প্রতিদিন অপচয় হয়ে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ২০২৪ সালের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে প্রতি বছর প্রায় ১ দশমিক শূন্য ৫ বিলিয়ন টন খাদ্য অপচয় হয়, যা বৈশ্বিক ভোক্তা পর্যায়ের মোট খাদ্যের এক-পঞ্চমাংশ।
উৎপাদন থেকে বাজার পর্যন্ত পৌঁছানোর আগে আরও ১৩ দশমিক ২ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়, ফলে পৃথিবীতে উৎপাদিত তিন প্লেট খাবারের মধ্যে একটি কখনোই মানুষের মুখে পৌঁছায় না। মানবসভ্যতার এই পরিসংখ্যান নিঃসন্দেহে আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে—যেখানে একদিকে ক্ষুধা ও দারিদ্র্য প্রতিনিয়ত মৃত্যুর কারণ, সেখানে অন্যদিকে অতিভোগ ও অপচয় এক নিষ্ঠুর বাস্তবতা হয়ে উঠেছে।খাদ্য অপচয় যে শুধু মানবিক বিবেকের সংকট নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও পরিবেশের জন্যও এক মারাত্মক হুমকি—তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত। প্রতি বছর প্রায় ৯০০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাদ্য অপচয়জনিত ক্ষতি হচ্ছে।
কৃষিজমির প্রায় ২৭ শতাংশ এবং পৃথিবীর মোট মিষ্টি পানির ২৪ শতাংশ নষ্ট হয় সেইসব খাদ্যের সঙ্গে, যা কখনো মানুষের পাতে পৌঁছায় না। খাদ্য অপচয় থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও মিথেন নির্গত হয়, তা বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৮–১০ শতাংশ। এমনকি যদি খাদ্য অপচয়কে একটি দেশ হিসেবে ধরা হয়, তবে এটি চীন ও যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী রাষ্ট্র হতো।উন্নত দেশগুলোতে খাদ্য উৎপাদনের ক্ষতি তুলনামূলকভাবে কম হলেও ভোগ পর্যায়ে অপচয় অতি উচ্চমাত্রায় ঘটে। অন্যদিকে আফ্রিকার বহু দেশে কৃষি অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন ঘাটতির কারণে উৎপাদনের সময়েই প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়।
এশিয়ার দেশগুলো, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়, খাদ্য অপচয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইউএনইপি- এর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এই অঞ্চলের মাথাপিছু বার্ষিক খাদ্য অপচয় প্রায় ৭৯ কেজি, যা ইউরোপের গড়ের কাছাকাছি পৌঁছে গেছে। বাংলাদেশও এই সংকটে দ্রুত জড়িয়ে পড়েছে। প্রতি বছর মাথাপিছু প্রায় ৮২ কেজি খাদ্য অপচয় হচ্ছে—যা যুক্তরাষ্ট্র, জাপান কিংবা নেদারল্যান্ডসের চেয়েও বেশি।দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, দেশে বার্ষিক খাদ্য ক্ষয় ও অপচয়ের পরিমাণ ২ দশমিক ১১ কোটি টনেরও বেশি, যার মধ্যে উৎপাদন পর্যায়ে ৬২ লাখ টন, সংগ্রহ-পরবর্তী পর্যায়ে ৬৮ লাখ টন, প্রক্রিয়াজাতকরণে ৩২ লাখ টন, পরিবহন ও বিপণনে ৩১ লাখ টন এবং ভোক্তা পর্যায়ে প্রায় ১৬ লাখ টন খাদ্য নষ্ট হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে ফলমূল ও সবজির ২৫–৩০ শতাংশ, মাছ ও দুধের ১৫ শতাংশ এবং ধান ও গমের প্রায় ১০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়, যার ফলে জিডিপির প্রায় ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক ক্ষতি হয় প্রতি বছর।বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি খাত, যেখানে প্রায় চার কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানে যুক্ত। কিন্তু কৃষকের পরিশ্রম ও ঘামের ফসলের বড় অংশই অব্যবস্থাপনা, সংরক্ষণ ঘাটতি ও প্রযুক্তির অভাবে নষ্ট হয়ে যায়। ফল, সবজি, মাছ ও দুধের মতো পচনশীল পণ্যের সংরক্ষণে পর্যাপ্ত ঠান্ডা গুদাম ও পরিবহন ব্যবস্থা না থাকায় কৃষকরা প্রায়ই তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামে বিক্রি করতে পারেন না। ফলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে শহরের বাজারে পণ্যের দাম বাড়ে, যা নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যনিরাপত্তা হুমকির মুখে ফেলে।

বাংলাদেশে খাদ্য অপচয় একটি গুরুতর সমস্যা, যা দেশের অর্থনীতি, পরিবেশ এবং খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব ফেলছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২১ মিলিয়ন (২ দশমিক ১ কোটি) টন খাদ্য অপচয় হয়, যা দেশের মোট খাদ্য উৎপাদনের প্রায় ৩৪ শতাংশ। এই অপচয়ের আর্থিক মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা, যা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশ।

এই অপচয়ের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপ্রতুল ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা, অদক্ষ সরবরাহ চেইন, বাজার ব্যবস্থায় অস্বচ্ছতা, এবং ভোক্তা পর্যায়ে খাদ্যের অপচয়। বিশেষ করে শাকসবজি, মাছ, দুধ, ফলমূল এবং চালের মতো পচনশীল খাদ্যপণ্যগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়। এছাড়া, প্রতি বছর গৃহস্থালিতে গড়ে ৮২ কেজি খাদ্য অপচয় হয়, যা মোট ১৪ দশমিক ১ মিলিয়ন টন খাদ্য অপচয়ের সমান।  এই বিপুল পরিমাণ খাদ্য অপচয় কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশগত ক্ষতির কারণও। অপচয়কৃত খাদ্য পচে মিথেন গ্যাস নিঃসরণ করে, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এছাড়া, অপচয়কৃত খাদ্য উৎপাদনে ব্যবহৃত পানি, জমি এবং জ্বালানি অপচয় হয়, যা পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে।

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ যদি খাদ্য অপচয় মাত্র ৩০ শতাংশ কমাতে পারে, তবে বছরে অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব হবে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমদানি নির্ভরতা কমাবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন—শহরাঞ্চলে প্রতিদিন বিশাল পরিমাণ খাদ্য অপচয় হয়। ২০২৪ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী, রাজধানীর হোটেল, রেস্টুরেন্ট ও বাজার থেকে প্রতিদিন দুই হাজার টনেরও বেশি খাদ্যবর্জ্য উৎপন্ন হয়, যার একটি বড় অংশ খাওয়ার উপযোগী অবস্থায় থাকে। সামাজিক অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন ও কর্পোরেট পার্টিতে অতিরিক্ত রান্না ও বিলাসী ভোজনে যে অপচয় ঘটে, তা পরিসংখ্যানে ধরা পড়ে না; অথচ প্রতিদিন রেস্টুরেন্টগুলোতে ১৫ থেকে ২০ শতাংশ খাবার ফেলে দেওয়া হয়। অথচ রাসুল (সা.) বলেন “তুমি যদি প্রবাহমান নদীর তীরে বসেও অজু করো, তবুও পানি অপচয় করো না।” (আবু দাউদ, ৩৪৭৮)।

এই চিত্র একদিকে যেমন অর্থনৈতিক অদক্ষতার প্রতিফলন, অন্যদিকে সামাজিক নৈতিকতার সংকটও নির্দেশ করে। শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মধ্যে “অতিরিক্ত রাখলে সৌজন্য” বা “অতিথিকে সন্তুষ্ট করতে বাড়তি রান্না” করার মানসিকতা খাদ্য অপচয়ের সংস্কৃতি তৈরি করেছে। অথচ এই সৌজন্য যখন অপচয়ে পরিণত হয়, তখন তা অন্যের ন্যায্য আহার কেড়ে নেওয়ার শামিল। একদিকে অতিভোজন, অন্যদিকে অনাহার—এই দ্বৈত বাস্তবতা সমাজে এক গভীর নৈতিক ও মানবিক বৈষম্যের জন্ম দেয়।

আজ পৃথিবীতে প্রায় ৭০০ মিলিয়ন মানুষ প্রতিদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়। এই বাস্তবতা ও বিপরীতে প্রতিদিন ১ বিলিয়ন টন খাদ্য ফেলে দেওয়ার প্রবণতা আমাদের সভ্যতার নৈতিক দেউলিয়াত্বর সাক্ষ্য বহন করে। বাংলাদেশেও এই বৈপরীত্য স্পষ্ট। রাজধানীর সমৃদ্ধ অংশে উৎসবমুখর ভোজ চললেও গ্রামের দরিদ্র পরিবারগুলো অনেক সময় দিনে একবেলা খাবারও জোগাড় করতে পারে না। খাদ্য অপচয় তাই কেবল অর্থনৈতিক বা প্রশাসনিক সমস্যা নয়; এটি নৈতিক ও মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ, যেখানে ভোগবাদ মানবিকতার ওপর আধিপত্য বিস্তার করেছে।

ইসলাম খাদ্যকে আল্লাহর এক অনন্য দান হিসেবে দেখেছে। এটি কেবল দেহের চাহিদা পূরণের উপকরণ নয়, বরং কৃতজ্ঞতা ও পরীক্ষার মাধ্যম। ইসলাম মানুষের ভোগে সংযম, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ শেখায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন—“তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না; নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।” (সূরা আল-আ‘রাফ, আয়াত ৩১)। নবী করিম (সা.) খাদ্যের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, “যখন কারো খাবার পড়ে যায়, সে যেন সেটি তুলে নিয়ে খায়; কারণ তুমি জানো না কোন অংশে বরকত রয়েছে।” আবার তিনি সতর্ক করেছেন—“যে ব্যক্তি পেটপুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়।” (মুস্তাদরাক হাকেম)। ইসলাম অপচয় বা ইস্রাফকে নৈতিক ও আধ্যাত্মিক অপরাধ হিসেবে দেখেছে, কারণ এটি আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা ও সামাজিক অবিচারের প্রকাশ।

ইসলামী অর্থনৈতিক চিন্তাবিদদের মতে, খাদ্য অপচয় রোধে সামাজিক সহযোগিতা ও দানব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যাকাত, সদকা ও ওয়াকফের মাধ্যমে সমাজে খাদ্যের সুষম বণ্টন সম্ভব, যা দারিদ্র্য হ্রাসের পাশাপাশি মানবিক সহমর্মিতাও বৃদ্ধি করে। ইসলাম দানকে কেবল ইবাদত নয়, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার কার্যকর পদ্ধতি হিসেবে দেখেছে। এই দৃষ্টিভঙ্গি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG ১,২,৩)-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেখানে ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয় অর্ধেকে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসলাম সেই লক্ষ্যকে অনেক আগেই নৈতিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেছে—খাদ্য ভোগে সংযম ও ন্যায়বোধের মাধ্যমে।

বাংলাদেশের খাদ্য অপচয় সমস্যা সমাধানে প্রয়োজন বহুমুখী উদ্যোগের। কৃষি উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা আধুনিক করতে হবে, বিশেষ করে গ্রামীণ এলাকায় কোল্ড স্টোরেজ, শীতল পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো সম্প্রসারণ করা জরুরি। এটি ইসলামী অর্থনীতির দৃষ্টিতে “আমানত রক্ষা”-এর অন্তর্গত। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় দক্ষতা আনতে হবে এবং দাম নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য কমে ও ক্ষয়ক্ষতি হ্রাস পায়। শহরাঞ্চলে খাদ্য অপচয় রোধে ফুড ব্যাংক স্থাপন করা যেতে পারে, যেখানে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন খাদ্য সংযম ও নৈতিকতা প্রচারে সক্রিয় ভূমিকা নিতে পারে। শুক্রবারের খুতবায় খাদ্যের প্রতি কৃতজ্ঞতা, অপচয়বিরোধী বার্তা ও মানবিক দায়িত্ববোধের আলোচনা জনমনে স্থায়ী প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে খাদ্যবর্জ্য ব্যবস্থাপনা আইন প্রণয়ন প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশেও আইনগত প্রণোদনা ও শাস্তিমূলক কাঠামো গড়ে তোলা যেতে পারে।

খাদ্যের অপচয় রোধের মাধ্যমে কেবল অর্থনৈতিক ক্ষতি কমানোই নয়, বরং সমাজে নৈতিক ভারসাম্য, মানবিক সহমর্মিতা ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, “আর তিনিই তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন, যাতে দেখেন কে আমানত ঠিকভাবে রক্ষা করে।” (সূরা আল-আন‘আম, আয়াত ১৬৫)। খাদ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা সেই আমানতেরই অংশ।

অতএব, খাদ্যকে শুধু পুষ্টির উপাদান নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক দায় হিসেবে দেখা জরুরি। খাদ্যের প্রতি শ্রদ্ধা, সংযম ও কৃতজ্ঞতা কেবল ধর্মীয় আহ্বান নয়, এটি টেকসই উন্নয়নের ভিত্তিও। খাদ্য অপচয় রোধ করতে পারলে আমরা অর্থনৈতিক ক্ষতি রোধের পাশাপাশি সমাজে ন্যায়, সহানুভূতি ও ভারসাম্যের নতুন সংস্কৃতি গড়ে তুলতে পারব। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সবার সচেতনতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গঠিত এই প্রচেষ্টাই হতে পারে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের চাবিকাঠি। খাদ্যের প্রতি কৃতজ্ঞতা ও মিতব্যয়িতা শুধু নৈতিকতা নয়, এটি এক সামাজিক বিপ্লবের সূচনা—যার মাধ্যমে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক, সংবেদনশীল ও টেকসই বাংলাদেশ।

লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
Mizan12bd@yahoo.com

About Syed Enamul Huq

Leave a Reply