মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে দরিদ্র ও অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপি সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল) এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ নজরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু এম.পি, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও ১নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহ রিয়াজুল হান্নান যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি ও গাজীপুর জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া একটি দেশ বা সমাজ কখনোই পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জন করতে পারে না। সমাজের অবহেলিত ও দরিদ্র নারীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। তিনি বলেন, “একজন নারী যখন নিজের আয়ের পথ তৈরি করতে পারেন, তখন শুধু তার জীবনই বদলায় না, বদলে যায় পুরো পরিবারের ভবিষ্যৎ।”
সভাপতির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকি বলেন, দরিদ্র ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখা প্রয়োজন। নারীদের দক্ষতা ও শ্রমকে কাজে লাগিয়ে তারা যেন নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, সে সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সেলাই মেশিন পেয়ে অনেক নারী আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। একজন উপকারভোগী নারী বলেন, “অনেক কষ্টে সংসার চালাই। কোনোদিন ভাবিনি বিনামূল্যে সেলাই মেশিন পাবো। এখন ঘরে বসেই কাজ করে কিছু আয় করতে পারবো। আমার সন্তানদের জন্য কিছু করতে পারবো।”
আরেকজন নারী চোখের পানি মুছতে মুছতে বলেন, “আজকের এই উপহার আমার জন্য শুধু একটা মেশিন নয়, এটা নতুন করে বাঁচার সাহস।” আয়োজকরা জানান, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা, পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগী নারীরা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলে নিজেদের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানটি মানবিকতা, সহমর্মিতা ও নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে কেবলমাত্র সেলাই কাজে ট্রেনিংপ্রাপ্ত ৮০ জন নারীকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
