চট্টগ্রাম মহানগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। মিছিল শেষে খবর পেয়ে বন্দর থানার একটি টিম তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এ সময় আবু সাঈদ রানা নামে এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টার দিকে বন্দর থানার ইশান মিস্ত্রিহাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত বন্দর থানার এসআই হিসেবে কর্মরত। এ ঘটনায় আজ ভোররাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন। পরবর্তী সময়ে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় এসআই আবু সাঈদ রানাকে এলোপাথাড়ি কোপানো হয়।
পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এদিকে ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান পরিচালন করে। এ ঘটনায় পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির বন্দর জোনের উপকমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের এসআই রানাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। আমরা অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করেছি।’
তিনি আরো বলেন, ‘অভিযানে রাম দা, চাকু, চাপাতিসহ বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’