ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাবের ওপর আজ দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবটি রাখা হয়েছে। তবে গত রোববারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেপুটি স্পিকারের রুলিং অনুযায়ী, নির্ধারিত দুই ঘণ্টা সময়জুড়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাবের ওপর তাদের বক্তব্য তুলে ধরবেন।