Monday , 10 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টঙ্গী থেকে উত্তরা নদীপথে নির্ধারিত ভাড়া  ২ টাকা

টঙ্গী থেকে উত্তরা নদীপথে নির্ধারিত ভাড়া ২ টাকা

সকালবেলা প্রতিবেদকঃ
গাজীপুরের টঙ্গী থেকে রাজধানী ঢাকার উত্তরা পর্যন্ত তুরাগ নদীপথে যাত্রী পারাপারের জন্য এখন থেকে জনপ্রতি ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র দুই টাকা। দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হলেও, অবশেষে সরকার নির্ধারিত ভাড়ায় ফিরেছে খেয়া পারাপার সেবা। গত মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজার সংলগ্ন তুরাগ নদীর আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে নতুন এই ভাড়া কার্যকর হয়। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির শতাধিক নেতা—কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম অনুযায়ী যাত্রীপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।

যাত্রীদের একাধিক অভিযোগ এবং টঙ্গী বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবশেষে আগের নির্ধারিত ভাড়ায় ফেরা সম্ভব হয়েছে। একজন যাত্রী, বেসরকারি টেলিকম কোম্পানির প্রতিনিধি নাঈমুল ইসলাম খান জানান, “আমি অভিভূত। আগে যেখানে ১০ টাকা দিতে হতো, আজ মাত্র ২ টাকায় নদী পার হলাম। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।” আইচি খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার বলেন, “আগে প্রায় ৫০ জন মাঝি খেয়া পারাপার করতেন। এখন ইঞ্জিনচালিত নৌকা দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বিআইডব্লিউটিএর নিয়ম অনুযায়ী আজ থেকে যাত্রীপ্রতি দুই টাকা করে নেওয়া হবে।”

তবে এ বিষয়ে টঙ্গী নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা (সহকারী পরিচালক) সুব্রত পোদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়ায় খেয়া পারাপার নিশ্চিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ উদ্যোগ স্থায়ীভাবে কার্যকর রাখতে প্রশাসনের নজরদারি কামনা করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply