স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হলেও এখনো হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি। এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে গত কিছুদিন যাবৎ আবারও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে।
ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।
আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা-বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে।
দুই সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বেশ কিছু এলাকা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে।
এই হটস্পটগুলোতে দ্রুততার সঙ্গে মশা নিয়ন্ত্রণ করুন। আর নয়তো ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি ঘটবে। হাসপাতাল প্রস্তুত, তবে পরিস্থিতি মোকাবিলায় মশা মারার ওপর জোর দিতে হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
