শেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে শেরপুরের সদর উপজেলাসহ সবকয়টি উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন। ব্যানার সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবতীর্ উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
তাদের দাবি গুলোর মধ্যে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক বা সমমান স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুন:নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন—সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক বা সমমানের স্বীকৃতি প্রদান করাসহ নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, সময় মতো চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
