পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরকালে দেওয়া ‘বাংলাদেশ বিরোধী’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (২৭ আগস্ট) পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গত ২২-২৪ আগস্ট তিন দিনের ঢাকা সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের মানুষের দিল পরিষ্কার করার কথা বলে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর দ্বারা বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যা খুবই নিন্দনীয় এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানী মন্ত্রীর এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিগত মর্যাদার প্রতি এক চরম আঘাত। একইসঙ্গে এই বক্তব্য গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক আইন ও কনভেনশন সমূহের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার এই বক্তব্যের মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো বাংলাদেশের নাগরিকদের প্রতি পাকিস্তানের শাসক শ্রেণীর বিদ্বেষমূলক মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মন্ত্রী ইসহাক দার এর এই বক্তব্যের নিন্দা করা এবং পাকিস্তান সরকারের উচিত এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনায় বাধ্য করা।