নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বলেছি, ওনারাও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া রাজনৈতিক সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়।
কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত।’ কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন।
একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে।
অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যাতে বাংলাদেশের জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন।’
বৈঠকে পিটার হাসের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
