অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘অবাস্তব কথা বলেন’ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। তিনি বলেন, ‘অবাস্তব কথা বলার একটা প্রবণতা তৈরি হয়েছে, যার বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আর এই কাজটা প্রধান উপদেষ্টা বেশি করে করছেন, এটা আমাদের জন্য খুব দুঃখজনক।’
বুধবার (২৯ অক্টোবর) মাসুদ কামালের ইউটিউব প্ল্যাটফর্ম ‘অন্যমঞ্চে’ মাহবুব কামাল এসব কথা বলেন।
মাহবুব কামাল আরো বলেন, ‘আমরা বঙ্গবন্ধু, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা—সবাইকে নিয়ে সমালোচনা করি। কিন্তু ড. ইউনূস সাহেব সব কিছুর ঊর্ধ্বে।
উদাহরণ টেনে তিনি বলেন, “জাপানের এক প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগ উঠতেই পদত্যাগ করেন। তার বন্ধুরা জিজ্ঞেস করল, ‘অভিযোগ প্রমাণ হয়নি, তবু কেন?’ তিনি বললেন, ‘অভিযোগ উঠেছে মানে ধারণা তৈরি হয়েছে—আমার আর থাকা চলে না।’ অথচ আমাদের দেশে কত দুর্নীতি হয় কিন্তু কারো লজ্জা নেই।”
ভাষার অবক্ষয় নিয়েও মাহবুব কামাল উদ্বেগ জানান। তিনি বলেন, ‘আমাদের ভাষায় অশ্লীলতা ঢুকে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের বক্তব্যেও স্ল্যাং চলে আসছে। বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, তা ভাষার এক বিকৃতি। আস্তে আস্তে ভাষাটা কিভাবে বদলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘মানুষ এখন প্রসঙ্গের মধ্যে থাকতে চায় না। যেমন আওয়ামী লীগকে দুর্নীতির কথা বললে তারা বলে—‘বিএনপির আমলে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা বলেন না কেন?’। নিজের অবস্থান কেউ বিতর্কিত করতে চায় না। তাই এক অপরাধকে আরেক অপরাধ দিয়ে জাস্টিফাই করতে চায়।’।
বামপন্থা প্রসঙ্গে মাহবুব কামাল বলেন, “বামপন্থার রাজনীতি মানে ছিল সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা—দুর্নীতিমুক্ত ও নৈতিক সমাজ। এখন মুখে বাম কিন্তু কার্যত সবাই ডানপন্থী। যে লেফট ‘জুলাই সনদে’ স্বাক্ষর করল, সে লেফট হলো কিভাবে? এখন বামপন্থা বলে কিছু নেই।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
