মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের (রিমি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সুইডেনের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, জেন্ডার সমতা আনয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর প্রভাব, বাল্যবিবাহ রোধ, জেন্ডার বেইসড ভায়োলেন্স, জেন্ডার রেস্পনসিভ বাজেটসহ নানা বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘নারীরা কারো ওপর বোঝা নয় বরং নারীরা দেশের সম্পদ।
নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষার হার বৃদ্ধিকরণ, নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।’
রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং সকল সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় বাংলাদেশে এবং সুইডেন একসাথে কাজ করতে চায়।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
