বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গুলশানে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। গতকাল বুধবার রাতে সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে তাঁদের একই সঙ্গে কারাবরণ করার বেদনাতুর স্মৃতিচারণ করেন। এছাড়া ছাত্র জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জন্য লড়ে যাওয়ার স্মৃতি স্মরণ করেন।
রাষ্ট্রপতি ও ডেপুটি স্পিকার নির্বাচনে পাবনার দুইজন রাজনীতিবীদকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
