Wednesday , 12 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় শোক আজ
--ওসমান হাদি

রাষ্ট্রীয় শোক আজ

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির মৃত্যুর খবরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক  পালনের ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অন্যায়, অবিচার ও দমনপীড়নের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিল।

’ ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।’ এ ছাড়া শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শোকবার্তায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তার সাহসিকতা ও দেশপ্রেম অবিস্মরণীয়।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের নির্মম হামলায় শরিফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘হাদি ছিলেন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক।  তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল।’

এ ছাড়া শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

About Syed Enamul Huq

Leave a Reply