মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লাইসেন্স ছাড়াই বেকারি পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তৃপ্তি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার দাসেরহাট বাজারের নিউ তৃপ্তি বেকারিতে যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী আলী হোসেন হৃদয় ওই বেকারির মালিক।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, জেলা নিরাপদ খাদ্য সহকারী পরিচালক সুমধু চক্রবর্তী, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বেকারি কর্তৃপক্ষ প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া খাবার তৈরিতে স্যাকারিন ব্যবহার, মোড়কে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে এসব অপরাধে বেকারি মালিক আলী হোসেন হৃদয়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুমধু চক্রবর্তী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
