সারা দেশে রাতে তাপমাত্রা বেড়ে দিনে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবা খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
