Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৯ মিনিটের বক্তব্যে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না এমপি বাবু
--সংগৃহীত ছবি

৯ মিনিটের বক্তব্যে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না এমপি বাবু

অনলাইন ডেস্কঃ

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না জামালপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

তার জন্য বরাদ্দ হওয়া প্রথম সাত মিনিট তিনি পার করেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ, বৃদ্ধাশ্রম, নিজ নির্বাচনি এলাকা নিয়ে কথা বলে।

পরে তাকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনিতো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই।’ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় এ ঘটনা ঘটে।

এমপি বাবুকে স্পিকার প্রথমে সাত মিনিট বরাদ্দ দেন। নির্ধারিত সময়ে তিনি বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা, নিজ এলাকা নিয়ে বক্তব্য দেন। এক পর্যায়ে বাবু বলেন, আমি নিজ নির্বাচনি এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই। সময় বাড়ানোর আহ্বান জানান বাবু।

জবাবে স্পিকার বলেন, আপনিতো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। তাকে বাড়তি আরও দুই মিনিট সময় দিয়ে স্পিকার বলেন, এই সময়ের মধ্যে বক্তব্য শেষ করুন। বাকি সময়েও তিনি বাজেট নিয়ে কোনো বক্তব্য দেননি।

সংসদে বক্তব্য দেওয়ার সময় টিভি স্ক্রিনে নাম লেখার নির্দেশনা স্পিকারের: দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার জানান, দ্বিতীয় অধিবেশনে এখন পর্যন্ত বিশেষ অধিকার প্রশ্নের বিষয়ে ছয়টি নোটিশ দেন সংসদ সদস্যরা। যেগুলোর সিদ্ধান্ত দেন স্পিকার।

নোটিশে জামায়াতের এমপি মুজিবুর রহমান বলেন, জাতীয় সংসদে সংসদ সদস্যদের একে অপরের সঙ্গে পরিচিত হওয়া খুবই প্রয়োজন। প্রায় চার মাস হতে চলল কিন্তু বেশিরভাগ সদস্যদের চেনা-জানা হয়নি। অনেক সময় চেহারা চিনলেও নাম ও সংসদীয় এলাকা জানা যাচ্ছে না। যখন টেলিভিশনে সংসদ কার্যক্রম পরিচালনা করা হয়, তখন শুধু ছবি দেখা যায়, বক্তৃতা শোনা যায়। এখন থেকে যখন দৃশ্য দেখানো ও প্রচার কাজ চলবে, তখন ছবি ও চেহারার সঙ্গে টেলিভিশন স্ক্রিনে তার নাম ও সংসদীয় এলাকা ভেসে উঠলে সবার সঙ্গে পরিচিতি সহজ হয়ে যাবে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মুজিবুর রহমান। জবাবে স্পিকার বলেন, মাননীয় সদস্যের এ বক্তব্য খুবই যুক্তিযুক্ত। আমি সংসদ সচিবালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।

About Syed Enamul Huq

Leave a Reply