Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৫% করের বিরুদ্ধে শাহবাগে ছাত্রসমাবেশ
১৫% করের বিরুদ্ধে শাহবাগে ছাত্রসমাবেশ

১৫% করের বিরুদ্ধে শাহবাগে ছাত্রসমাবেশ

সকালবেলা প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর পুনরায় আরোপিত ১৫ শতাংশ আয়কর বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক’—এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি মূল দাবি উত্থাপন করেন। প্রথমত, তারা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নো ট্যাক্স অন এডুকেশন’, ‘শিক্ষায় কর নয়’ – এমন নানা স্লোগানসংবলিত পোস্টার দেখা যায়। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা দাবি করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যেহেতু এসব প্রতিষ্ঠান অলাভজনক, সেহেতু তারা কীভাবে মুনাফা করে তা তদন্ত করে অবৈধ আয় বাজেয়াপ্ত করতে হবে।

তৃতীয়ত, টিউশন ফি নির্ধারণে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনের দাবি জানানো হয়। চতুর্থত, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ন এবং উচ্চশিক্ষার মান বজায় রাখতে ইউজিসি ও সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা। শক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় লাখো শিক্ষার্থী বাধ্য হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ অবস্থায় ১৫ শতাংশ কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষার সুযোগ থেকে আরও বেশি বঞ্চিত হবেন।

তারা আরও বলেন, যদিও বলা হচ্ছে এই করের প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়বে না, বাস্তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অতিরিক্ত ব্যয়ভার শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করবে। ফলে শিক্ষা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন। তারা বলেন, এই কর প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তব্য দেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্কের সংগঠক নাবিন আবতাহির, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাসফিরুল কাব্য, ইউল্যাবের শিক্ষার্থী ফাত্তাহ সিয়াম ও তারমিন তিশা প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply